জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার,সময় : সকাল ০৭:২৮ মিনিট।ফুলপুর উপজেলা জামায়াতের আমিরের পদ স্থগিত, ভারপ্রাপ্ত আমির হলেন জাকির হোসেন মাস্টার
জামায়াতে ইসলামীর সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করে নারী শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার আমির ও রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের বিধান অনুযায়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ফুলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর বিদ্যমান সাংগঠনিক রূপরেখা অনুযায়ী কোনো সদস্য বা রুকন যদি নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তাদের রুকন পদ স্থগিত রাখার বিধান রয়েছে। সেই নীতিমালার প্রশাসনিক প্রয়োগ হিসেবেই অধ্যাপক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। দলীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, রুকন পদ স্থগিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আমিরের পদটি শূন্য হয়ে যায়। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি জাকির হোসেন মাস্টার ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে অধ্যাপক গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম বলেন, "তাকে আপাতত আমিরের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটি দলীয় অভ্যন্তরীণ বিষয়।" এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার মধ্যেই ফুলপুর উপজেলা জামায়াতের আমিরের পদ স্থগিতের বিষয়টি সামনে এলো।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে...

স্টাফ রিপোর্টার 
























