জেটিভি নিউজ বাংলা
মালয়েশিয়া সফর নিয়ে সরকারের নীরবতায় উদ্বেগ এমডব্লিউএনের, স্বচ্ছ ব্যাখ্যা দাবি
তারিখ: ২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার,সময় বেলা ০৩:৪৩ মিনিট। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার (২৭ জুলাই) রাতে মালয়েশিয়া যাচ্ছেন। তবে তার এই সফর অনেকটাই নীরবে হচ্ছে। কারণ, এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে মাইগ্রেশন ওয়েলফেয়ার নেটওয়ার্ক (এমডব্লিউএন)। সোমবার (২৭ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের এই নীরবতা উদ্বেগজনক। এমডব্লিউএনের ভাষ্য, গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী জানতে পারছে যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী শ্রমবাজার-সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। একই সময়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ৪ আগস্ট মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনাও রয়েছে। অথচ এত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও শ্রমবাজার-সংশ্লিষ্ট উদ্যোগ সম্পর্কে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বিবৃতিতে এমডব্লিউএন প্রশ্ন তুলেছে— এই সফরগুলো এত নীরবে কেন হচ্ছে? কী এমন আলোচনা চলছে, যা প্রবাসী শ্রমিক, তাদের পরিবার এবং দেশের জনগণ জানতে পারবে না? সংগঠনটির মতে, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো ব্যক্তিগত বা গোপন বিষয় নয়। এটি লাখো বাংলাদেশি কর্মীর জীবন-জীবিকা, ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই শ্রমবাজার নিয়ে যেকোনো আলোচনা, সমঝোতা বা সিদ্ধান্ত সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। এমডব্লিউএনের বিবৃতিতে আরও বলা হয়, যদি শ্রমবাজারে ইতিবাচক অগ্রগতি হয়ে থাকে, তাহলে সরকার তা প্রকাশ্যে ঘোষণা করছে না কেন? আর যদি কোনো নতুন শর্ত, সমঝোতা বা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সেটিও জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে কেন? সংগঠনটি সরকারের কাছে জানতে চেয়েছে— মন্ত্রীর মালয়েশিয়া সফরের উদ্দেশ্য কী, আগামী ৪ আগস্টের সম্ভাব্য বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের বর্তমান অবস্থান কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশি শ্রমিকদের ভবিষ্যতে কী অপেক্ষা করছে। এমডব্লিউএন বলেছে, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম নন; তারা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাই তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা, গোপনীয়তা বা অস্পষ্টতা গ্রহণযোগ্য নয়। সংগঠনটি সরকারের কাছে অবিলম্বে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়ে বলেছে, প্রবাসীদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে বন্ধ দরজার আড়ালে আলোচনা নয়, জাতির সামনে সত্য তুলে ধরা হোক। অন্যথায় স্বচ্ছতার অভাবে জনমনে প্রশ্ন আরও বাড়বে। উল্লেখ্য, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং উপদেষ্টা মাহদী আমিনের মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। তবে তাদের এই সফর সম্পর্কে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 






















