জেটিভি নিউজ বাংলা
সাভারে গ্যাস লাইনের লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দম্পতির শরীরের ১০০% ও ৮০% দগ্ধ, আইসিইউতে চিকিৎসাধীন
তারিখ: ২৪ জুলাই ২০২৬ ইং, শুক্রবার, সময় দুপুর ০৩:৪ মিনিট। স্টাফ রিপোর্টার | জেটিভি নিউজ বাংলা ঢাকার সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতি গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সাভার মডেল থানার মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভোরের দিকে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন কাওসার ও তার স্ত্রী রুবি। তারা দুজনই পোশাক কারখানার কর্মী। আগুনে কাওসারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবির শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পুলিশ জানায়, নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় বসবাস করতেন ওই দম্পতি। রাতে ঘরের ভেতরে মশার কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তারা দুজনই দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। দগ্ধ কাওসারের বাবা সীমান শেখ জানান, তার ছেলে ও পুত্রবধূ একটি দুইতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, আগুনে কাওসারের শরীরের ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পোড়ার পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 






















