জেটিভি নিউজ বাংলা
পূবাইলে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবক গ্রেপ্তার, জব্দ ৩ স্মার্টফোন
তারিখ: ২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার, সময় বিকাল ০৫:৪৪ মিনিট। গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে। রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চামুড্ডা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চামুড্ডা বাজার সংলগ্ন নৈবাড়ীগামী সড়কের কাজলের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিলন মাঝি (২১), মো. ইয়ামিন ইসলাম (১৯) এবং অপূর্ব চক্রবর্তী (১৯)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদসহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন করে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি স্মার্টফোন জব্দ করা হয়। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

গাজীপুর প্রতিনিধি 





















