জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৬ জুলাই ২০২৬ ইং, রবিবার,সময় : সন্ধ্যা ০৭:৪৪ মিনিট।সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা: আইনমন্ত্রী
চট্টগ্রাম: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনদাবি বিবেচনায় নিয়ে অতীতের এসব কর্মকাণ্ডের তদন্ত শেষ হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, "সরকার চায় না অন্যায্যভাবে কেউ কষ্ট পাক। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো থেকে এমন দাবি উঠতেই পারে। তবে এ দাবির যৌক্তিকতা আইনগতভাবে বিবেচনা করা হবে।" পদত্যাগের পর চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতির বিদেশে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট গোপনীয় তথ্য সময়মতো জানানো হবে।" অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিগত সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী জানান, গত ১৬ বছরে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বর্তমান সময়ের দুই থেকে তিনটি জাতীয় বাজেটের সমান। তিনি উদাহরণ দিয়ে বলেন, খুলনায় মাত্র পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এছাড়া পিরোজপুরে ‘মহারাজ’ নামের এক ব্যক্তির প্রভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ কেবল কাগজে-কলমে দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। নবীন ১ হাজার ৫৪ জন আইনজীবীর উদ্দেশে আইনমন্ত্রী পেশাগত সততা বজায় রাখা, মানুষের সেবার মানসিকতা গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "আইনজীবী হওয়ার কোনো শর্টকাট পথ নেই। প্রতিদিনই শিখতে হয়।" একই সঙ্গে তিনি নবীন আইনজীবীদের টাকার পেছনে না ছুটে মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। এছাড়া তিনি বলেন, "যদি নিজের দলের কেউও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়, তবে আইনজীবীদের উচিত হবে তার প্রতিবাদ করা। এটি করতেই হবে।"জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 





















