জেটিভি নিউজ বাংলা
নিট প্রশ্নফাঁস ইস্যুতে টানা পঞ্চম দিনের অচলাবস্থা, শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় বিরোধীরা
তারিখ: ২৪ জুলাই ২০২৬ ইং,সময় বিকাল ০৫:২৩ মিনিট।
আন্তর্জাতিক ডেস্ক | জেটিভি নিউজ বাংলা
ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষা
নিট (NEET)-এর প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দেশটির সংসদে টানা পঞ্চম দিনের মতো অচলাবস্থা বজায় রয়েছে। শুক্রবার লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই বিরোধী সংসদ সদস্যদের তুমুল হট্টগোল এবং
‘শিক্ষামন্ত্রী পদত্যাগ করুন’ স্লোগানের মুখে দিনের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন স্পিকার।
দুপুরে লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী এমপিরা
‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করো’ স্লোগান দিতে দিতে কক্ষের মধ্যভাগে নেমে আসেন। এ সময় তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানান।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং আসন প্রধান জগদম্বিকা পাল বারবার বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানালেও তারা স্লোগান অব্যাহত রাখেন। কিরেন রিজিজু বলেন,
নিট ইস্যুতে সরকার আলোচনা করতে পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন। সরকার আলোচনার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তবে শর্ত দিয়ে আলোচনা বন্ধ রাখা সমীচীন নয়।
পরিস্থিতি শান্ত হলে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন আসন প্রধান। তবে বিরোধীরা তাদের অবস্থান থেকে সরে আসেননি এবং স্লোগান চলতেই থাকে।
পরে সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সরকারের আপসের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে অভিযোগ করেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তার নাম উল্লেখ করার পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল।
রাহুল গান্ধী স্পষ্টভাবে জানান,
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনো আলোচনায় অংশ নেবেন না। এ সময় তিনি বিরোধীদের তিনটি শর্ত তুলে ধরেন। সেগুলো হলো—
- দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শিক্ষামন্ত্রীকে পদচ্যুত করতে হবে।
- আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
- শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে, একই ইস্যুতে রাজ্যসভাতেও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। জিরো আওয়ার শুরু হওয়ার পরপরই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিষয়টি উত্থাপনের চেষ্টা করলে হইচইয়ের মুখে চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণান প্রথমে দুপুর পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। পরবর্তীতেও বিরোধীদের বিক্ষোভের কারণে কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে...