৭২ ঘণ্টা উত্তেজনার পর পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিল বিএসএফ
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৮ জুন ২০২৬ ইং,সময়: রাত ০৯:৪৪ মিনিট। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে টানা প্রায় ৭২ ঘণ্টার উত্তেজনার অবসান ঘটেছে। নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে অবশেষে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, রবিবার রাতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তিদের ফেরত নেওয়ার আগ্রহ প্রকাশ করে। পরে বিজিবি এতে সম্মতি জানায় এবং তাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বিএসএফের ওপর চাপ প্রয়োগ করে। লে. কর্নেল সিরাজুল ইসলাম বলেন, “বিজিবি শুরু থেকেই স্পষ্টভাবে জানিয়েছে যে, যেকোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বিএসএফকে আমাদের আপত্তির কথা জানানো হয়েছে। পরবর্তীতে তারা ওই ব্যক্তিদের নিজেদের ক্যাম্পে নিয়ে যায়।” স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী জানান, রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সীমান্তের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ১০ জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের একটি গাড়িতে তুলে পাশের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং সীমান্তের জিরো লাইনে অবস্থান করতে বাধ্য হয়। ঘটনাটি ঘিরে বিজিবি ও বিএসএফের মধ্যে তিন দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও প্রথমদিকে বিএসএফ ওই ব্যক্তিদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত প্রায় ৭২ ঘণ্টা জিরো লাইনে অবস্থানের পর রবিবার গভীর রাতে তাদের নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ। এর মধ্য দিয়ে বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে কয়েকদিন ধরে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির অবসান ঘটে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

রংপুর প্রতিনিধি 





















