ঢাবিতে ভুয়া ফটোকার্ড বিতর্ক—শিক্ষার্থীকে শোকজ, গঠন দুই তদন্ত কমিটি
জেটিভি নিউজ বাংলা
২৪ এপ্রিল ২০২৬ ইং, সময়ঃ ১০:৪৩ মিনিট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতি তদন্তে তিন সদস্যের দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে এবং হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের সাবেক তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি এআই-সম্পাদিত বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর ছাত্রদলের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মাহমুদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তবে মাহমুদ নিজ ফেসবুক আইডিতে দাবি করেন, তিনি ওই পোস্টের সঙ্গে সম্পৃক্ত নন। এদিকে, ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানানো হয়েছে, মাহমুদের আইডির নামে যে স্ক্রিনশটটি ছড়ানো হয়েছে সেটি ভুয়া। অন্য একটি আইডি থেকে তথ্য নিয়ে তা সম্পাদনা করে ছড়ানো হয়েছে বলে তারা উল্লেখ করেছে। ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতি তদন্তে অভিযুক্ত শিক্ষার্থীকে শোকজ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। এছাড়া পুরো ঘটনা তদন্তে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক, আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খানকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহবাগ থানায় কিছু সংবাদকর্মীকে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্তে সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে আরও একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

Reporter Name 





















