জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২১ মার্চ ২০২৬,সময়: ১০:৩১ মিনিটঈদের দিনেও রাজধানীতে সচল গণপরিবহন, যাত্রী কম হলেও চলছে বাস-সিএনজি
পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীতে গণপরিবহন কার্যক্রমে এবার ভিন্ন চিত্র দেখা গেছে। প্রতি বছরের মতো পুরোপুরি স্থবির না হয়ে শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সিএনজি অটোরিকশাও চলাচল করছে, যদিও যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্র গুলিস্তান থেকে প্রায় সব রুটেই বাস চলাচল অব্যাহত রয়েছে। গুলিস্তান থেকে শাহবাগ, ফার্মগেট হয়ে মিরপুর রুটে যেমন বাস চলছে, তেমনি ধানমন্ডি-শ্যামলি হয়ে গাবতলী এবং মিরপুরগামী যানবাহনও চলতে দেখা গেছে। এছাড়া গুলিস্তান হয়ে রামপুরা, বাড্ডা ও আব্দুল্লাহপুর এবং সায়দাবাদ-সাইনবোর্ড রুটেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের চালক ইব্রাহিম জানান, তিনি সকাল ৬টায় মিরপুর থেকে বাস ছেড়েছেন। যাত্রী সংখ্যা কম হলেও ঈদের নামাজের পর যাত্রী বাড়বে বলে আশা করছেন। তিনি আরও বলেন, “এটাই আমাদের নিয়মিত কাজ। ঈদ বা অন্য উৎসব বলে আলাদা কিছু মনে হয় না। পরিবারের জন্য নতুন কাপড় কিনেছি, তবে নিজের জন্য কিছু নেওয়া হয়নি।” পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সকালবেলায় যাত্রী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ ঘর থেকে বের হলে যাত্রীর সংখ্যা বাড়বে এবং গণপরিবহনে চাপও বৃদ্ধি পাবে। ঈদের দিনেও এমন সচল পরিবহন ব্যবস্থা রাজধানীবাসীর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

Reporter Name 





















