জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৯ মার্চ ২০২৬, সময়: :১:৩২ মিনিট।
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, স্বস্তিতে নগরবাসী
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার ব্যস্ততম সড়ক ও অলিগলিতে নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রায় ফাঁকা সড়ক, যা বছরের অন্য সময়ের চেনা চিত্র থেকে একেবারেই ভিন্ন। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, ফার্মগেট, শাহবাগ, ধানমণ্ডি, মিরপুর, সায়দাবাদ, উত্তরা ও বনশ্রীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কম। নেই দীর্ঘ যানজট, নেই স্বাভাবিক দিনের তীব্র ব্যস্ততা। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নগরবাসী। গণপরিবহন চলাচলও কমে গেছে অনেকটাই। সড়কে বাসের সংখ্যা কম থাকলেও সীমিত পরিসরে সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। আবাসিক এলাকাগুলোতেও মানুষের উপস্থিতি তুলনামূলক কম, অনেক বাসা-ঘরই ফাঁকা পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ছুটির সুযোগে অধিকাংশ মানুষই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন। বনশ্রীর বাসিন্দা সেলিম মিয়া বলেন, “এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকায় ঢাকায় মানুষের উপস্থিতি অনেক কম।” একই কথা জানান রামপুরার বাসিন্দা আরিফুর রহমানও। তিনি বলেন, “অন্যান্য ঈদের তুলনায় এবার শহর একেবারেই ফাঁকা মনে হচ্ছে।” তবে ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোতে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটগুলোতে সকাল থেকেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার তাড়নায় যাত্রীরা বিভিন্ন পরিবহনে ভিড় করছেন। এদিকে শহরের কিছু শপিংমল ও বাজার এলাকায় এখনও সীমিত আকারে যানজট লক্ষ্য করা গেলেও সার্বিকভাবে রাজধানীর পরিবেশ অনেকটাই শান্ত ও স্বস্তিদায়ক হয়ে উঠেছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

Reporter Name 





















