জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৩ আগস্ট ২০২৬ ইং,সময়, রাত : ০৮:০০ মিনিট।২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে মোট তিনটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নিজ দফতরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে। তিনি আরও বলেন, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। এ সময় সংসদ সচিবালয় থেকে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তারা প্রার্থীদের স্বাক্ষর যাচাই করবেন। অলি আহমদের দুটি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটি যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টি বাছাই করব।’ উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে লেখা হয়। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নির্বাচন কমিশন (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 





















