গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ নেই, সাংবাদিকদের বিভাজন না বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৩ আগস্ট ২০২৬ (সোমবার) সময়: বিকাল ০৩:০৭ মিনিট। ঢাকা: গণমাধ্যমের ওপর সরকারের কোনও ধরনের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব-এ জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বচ্ছতার জন্য গণমাধ্যমগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করা জরুরি।” জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন—এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধীদল। বিষয়টি এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।”জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 











