পেশাজীবীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে পেশাগত কাজে বিঘ্ন নয়: তারেক রহমান
জেটিভি নিউজ বাংলা | নিজস্ব প্রতিবেদক তারিখ: শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং,সময় দুপুর ০২:৪৭ মিনিট। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশাজীবী কতটুকু রাজনৈতিক চর্চা করতে পারবেন—এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, সব গণতান্ত্রিক দেশেই পেশাজীবীদের নিজস্ব মতাদর্শ থাকে। তিনি বলেন, রাজনীতি চর্চা করতে গিয়ে যেন পেশাজীবীদের নিজেদের পেশাগত কাজে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নিজেদের গুণগত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি ভবনে বিএনপির সহযোগী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা দায়িত্বশীল আচরণ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ আরও অনেকে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে......

নিজস্ব প্রতিবেদক 



















