সময়: বিকাল ৩:২৪ পিএম
তারিখ: শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৬
হাউজ: জেটিভি নিউজ বাংলা
মিথ্যা তথ্যে তালিকাভুক্ত আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া গেজেটভুক্ত আরও ১২ জন তথাকথিত ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল করেছে সরকার। বাতিল হওয়া সবাই ক্যাটাগরি ‘গ’-এর আওতাভুক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাতজন রয়েছেন।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করে, যা ইতোমধ্যে সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫–এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬–এর সিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এসব গেজেট বাতিল করা হয়েছে।
এর আগে একই কারণে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা হলেন— তাসফিয়াহ রিফা, আসাদুজ্জামান নূর, সুরুজ মিয়া, কহিনুর ও সখিনা।
এ ছাড়া চাঁদপুর জেলার বাতিল হওয়া ব্যক্তিরা হলেন— কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও আব্দুল্লাহ আল মামুন।
প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, পিতার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হলেও প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিরবদ্ধ...