চট্টগ্রামে ৮ দলীয় জোটের গণসমাবেশ আজ: পাঁচ দফা দাবিতে জনসমুদ্রে রূপ নেওয়ার প্রত্যাশা
জেটিভি নিউজ বাংলা | চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে ৮ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ আজ বুধবার ঐতিহাসিক লালদীঘির ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক দলগুলোর দাবি—যৌক্তিক পাঁচ দফা দাবির সমর্থনে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেবে। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে দুপুর পৌনে ২টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দিনটি সফল করতে চট্টগ্রাম মহানগরজুড়ে মাইকিং, প্রচার-প্রচারণা ও প্রস্তুতিমূলক আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করেছে সংগঠনগুলো। চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ জানান, আশেপাশের জেলা ও উপজেলাগুলো থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে রওনা হচ্ছেন। জুমার নামাজ শেষে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। আয়োজকদের দাবি, জাতীয় নির্বাচনের আগে গণভোট এখন জনগণের “সামগ্রিক প্রত্যাশা”। তাদের মতে, বিগত সরকার জনগণের ভোটাধিকার হরণ, বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন এবং রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এসব অপরাধের বিচার ছাড়া “গণতন্ত্র স্থায়ী হবে না”—বলে মন্তব্য করেন তারা।৮ দলীয় জোটের পাঁচ দফা দাবি
১. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন। ২. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু। ৩. সব দলের জন্য সমান সুযোগের রাজনৈতিক পরিবেশ নিশ্চিতকরণ। ৪. বিগত সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির দৃশ্যমান বিচার। ৫. স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। উপস্থিত থাকবেন— মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), মাওলানা মামুনুল হক, মাওলানা সরওয়ার কামাল আজিজী, ড. আহমদ আবদুল কাদের, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির ভাষণে ডা. শফিকুর রহমান আগামী জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে জানানো হয়েছে।

Reporter Name 






















