জেটিভি নিউজ বাংলা,
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে রাকসুর অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট বৈঠক চলাকালে রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেটের বৈঠক শুরু হয়। রাত ৮টার পর থেকে রাকসু নেতৃবৃন্দ ও হল সংসদের প্রতিনিধিরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক এবং একই সময়ে ছাত্রনেতাদের অবস্থান কর্মসূচি চলতে থাকে। এসময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, রেজিস্ট্রার অফিসে জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে রেজিস্ট্রারের অপ্রত্যাশিত আচরণ ছাড়াও দীর্ঘদিন ধরে ফাইল আটকে রাখার অভিযোগ তাঁরা পেয়ে আসছেন। তিনি বলেন, “যে কাজ কয়েক দিনে শেষ হওয়ার কথা, তা মাসের পর মাস রয়ে যায়। এজন্য আমরা আগেই বলেছিলাম—তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত।” তিনি আরও প্রশ্ন তোলেন, “এত অভিযোগের পরও কীভাবে তিনি সিন্ডিকেট সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে থাকেন?” রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, “রেজিস্ট্রার দফতর ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতর—দুই জায়গাতেই কাজের গতি অত্যন্ত ধীর। আধা ঘণ্টার কাজ করতে অনেকে ঘণ্টার পর ঘণ্টা সময় নেন। লাঞ্চ টাইম দুইটা হলেও তারা প্রায়ই তিনটার দিকে আসেন। মাসুদ স্যার না ক্লাস নিতে পারছেন, না অফিসের কাজ সামলাতে পারছেন। তাই আমরা তার অপসারণ চাই।” এ অবস্থান কর্মসূচিতে রাকসু ও বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। শিক্ষার্থীদের দাবি—অভিযোগের ভিত্তিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

Reporter Name 



















