জেটিভি নিউজ বাংলা
প্রকাশের তারিখ: ৩০ জুলাই ২০২৬ ইং,সময়: সকাল ৯:১৮ মিনিট।মাদক উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ অবদান: ঢাকা জেলা পুলিশের সম্মাননা পেলেন ডিবির এসআই মতিউর রহমান
সাভার প্রতিনিধি: মাদক উদ্ধার, মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মে ও জুন মাসে বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে সম্মাননা প্রদান করেছে ঢাকা জেলা পুলিশ। সোমবার (২৮ জুলাই) ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মে ও জুন মাসের মাসিক কল্যাণ সভায় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন তার হাতে এ সম্মাননা তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, মে ও জুন মাসজুড়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর এসআই মতিউর রহমান একাধিক সফল অভিযানে অংশ নিয়ে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার কার্যকর ভূমিকা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 





















