জেটিভি নিউজ বাংলা ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, একজন আহত
রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুর এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিরপুরে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত হলে মার্কেটের সামনে ফুটপাতে থাকা এক দোকানি আহত হন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকার একটি পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
অন্যদিকে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি সিগন্যালের পাশের একটি বটগাছে স্থাপিত বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়নি।
এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলোর কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।