জেটিভি নিউজ বাংলা, নিজস্ব প্রতিবেদক
সীমান্তে দুই বাংলাদেশি নিহত: বিএসএফের গুলিতে উদ্বেগ ও নিন্দা এনসিপির
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এক বিবৃতিতে দলটি বলেছে, প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীদের এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি এবং কূটনৈতিক সৌজন্যের পরিপন্থি—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনসিপি মনে করে, সাম্প্রতিক এই হত্যাকাণ্ডসহ অতীতের সব সীমান্ত হত্যা নিয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও স্বাধীন তদন্ত করা জরুরি। তারা বলছে, নিহতদের পরিবারকে আইনি সহায়তা নিশ্চিত করা এবং ভারত সরকারের কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্তে ভারতীয় বাহিনীর এ ধরনের অপরাধমূলক আচরণ চলমান রয়েছে, যা অবিলম্বে বন্ধ করতে ভারত সরকারকে দৃঢ় ব্যবস্থা নিতে হবে। এনসিপি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যা কোনোভাবেই সহ্যযোগ্য নয়। এ ধরনের অমানবিক আচরণ যাতে পুনরায় না ঘটে—সে জন্য বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ জরুরি। দলটি আরো উল্লেখ করে, ফেলানি হত্যাকাণ্ডসহ অতীতের বহু আলোচিত সীমান্ত হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা গেলে আজকের ঘটনা হয়তো ঘটত না। তাই সরকারকে দ্রুত সব সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশদ তদন্তের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার আহ্বান জানিয়েছে এনসিপি।

Reporter Name 






















