জেটিভি নিউজ বাংলা
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ওসির ঝুঁকিপূর্ণ উদ্ধারকাজে রক্ষা পেল ১০ লাখ টাকার মালামাল
গাজীপুর মহানগরীর
পূবাইল কুদাব পশ্চিম পাড়া এলাকায় রোববার (২৩ নভেম্বর) দুপুরে আবদুর রহমানের মালিকানাধীন একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান পূবাইল থানার ওসি
মোল্লা মো. খালিদ হোসেন।
স্থানীয়দের মতে, আগুনের তীব্রতায় কেউই গোডাউনে প্রবেশের সাহস পাচ্ছিলেন না। ঠিক সেই মুহূর্তে
নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে ওসি খালিদ হোসেন দৌড়ে ঢুকে পড়েন আগুনের ভেতরে। এরপর তিনি
মাথায় করে তুলার বস্তাসহ মালামাল বের করতে শুরু করেন।
তার এমন সাহসিকতা দেখে সাধারণ মানুষও উদ্ধারে যোগ দেন। ফলে দ্রুত মালামাল সরিয়ে ফেলতে সক্ষম হন স্থানীয়রা। এতে প্রায়
১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরানো সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় গোডাউনটি।
ওসির এমন ঝুঁকিপূর্ণ ভূমিকার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান—
“আমরা পৌঁছানোর আগেই ওসি স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে সক্রিয় ছিলেন। তার দ্রুত সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধি ক্ষতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।”
পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই)
নাজমুল হক বলেন—
“ওসি স্যার যখন নিজ হাতে মালামাল বের করতে শুরু করেন, তখন মানুষ সাহস পায়। তিনি মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।”
স্থানীয়রাও জানান, ওসির এমন কাজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তার দ্রুত পদক্ষেপ না থাকলে ক্ষতি আরও অনেক বেশি হতো।