জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৯ মার্চ ২০২৬ | সময়, ১: ১৯ মিনিট।দায়িত্বে অনুপস্থিতি, সহকারী প্রিসাইডিং অফিসারকে ২ মাসের সাময়িক বরখাস্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন না করায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ মার্চ) নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রাঙামাটির জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিপ্যাড) ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান আবদুল্লাহ আল মামুন। কিন্তু তিনি কোনো পূর্বানুমতি বা কর্তৃপক্ষকে অবহিত না করেই দায়িত্ব পালনে অনুপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তার এই আচরণ নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ (সংশোধিত)-এর ধারা ৫(১) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে। এর প্রেক্ষিতে একই আইনের ধারা ৫(৩) অনুযায়ী তাকে দুই মাসের জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অভিযোগের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষকে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ (সংশোধিত)-এর ধারা ৫(১) ও ৫(২) অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 






















