জেটিভি নিউজ বাংলা
সেন্টমার্টিন আকাশে বিদেশি ড্রোন, সীমান্তে নতুন শঙ্কা
তারিখ: ৪ এপ্রিল ২০২৬ | সময়: ১:৪০ মিনিট। কক্সবাজারের টেকনাফ উপজেলার অন্তর্গত সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পূর্ব আকাশসীমায় রহস্যজনকভাবে দুটি বিদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব-দক্ষিণ দিকের আকাশে ড্রোন দুটি প্রথম দেখা যায়। প্রায় এক ঘণ্টা ধরে লাল ও সবুজ আলো জ্বলতে থাকা এই ড্রোনগুলো স্থিরভাবে এবং কখনও ধীরগতিতে চলাচল করতে থাকে, যা স্পষ্টভাবে বাংলাদেশের আকাশসীমার ভেতরেই অবস্থান করছিল। এলাকাবাসীর ধারণা, ড্রোন দুটি মিয়ানমার সীমান্তের ওপার থেকে নিয়ন্ত্রিত হয়ে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল পর্যবেক্ষণ করছিল। বিশেষ করে, টেকনাফ সীমান্ত ঘেঁষা পূর্ব আকাশসীমা হওয়ায় বিষয়টি আরও স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, “সন্ধ্যার দিকে দ্বীপের পূর্ব আকাশে দীর্ঘ সময় ধরে দুটি ড্রোন উড়তে দেখা গেছে। এগুলো সম্ভবত মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের নজরদারির অংশ হিসেবে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।” দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আজিম বলেন, “রাতের আকাশে অস্বাভাবিক আলো দেখা গেলে স্থানীয়রা জড়ো হন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। আমরা ধারণা করছি, এগুলো সীমান্তের ওপার থেকে পরিচালিত ড্রোন।” স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠেছে। এরই মধ্যে বিদেশি ড্রোনের উপস্থিতি দেশের আকাশসীমা নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এ পরিস্থিতিতে দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, ড্রোনগুলোর উৎস শনাক্তকরণ এবং সীমান্ত এলাকায় আকাশ ও স্থল নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 












