পাবনার সেই অস্ত্রধারী যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ
স্টাফ রিপোর্টার, জেটিভি নিউজ বাংলা প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের সময় অস্ত্র হাতে গুলি ছুঁড়ে আলোচনায় আসা যুবক তুষার মণ্ডল জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুর নূর বলেন, সংঘর্ষের দিন তুষারের গুলি ছোড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার করা যায়নি। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তুষার মণ্ডল ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা–৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী। এদিকে, সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া পাল্টাপাল্টি দুই মামলায় উভয় দলের মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুইজন ও বিএনপির তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওসি আব্দুর নূর জানান, দুই পক্ষই পৃথক মামলা করেছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রেপ্তার অভিযান এবং তদন্ত চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর চর গড়গড়ি এলাকায় জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতা–কর্মী ও সমর্থক আহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অনেকে গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে গেছেন।জেটিভি নিউজ বাংলা

Reporter Name 






















