জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৪ জুন ২০২৬ ইং,সময়: রাত ০৯:৪৩ মিনিটবিরোধী দলের ‘ছায়া বাজেট’কে কটাক্ষ করে সংসদে চানাচুরের পুষ্টিগুণ তুলে ধরলেন এমপি শামীম কায়সার
জাতীয় সংসদের সম্পূরক বাজেট আলোচনায় বিরোধী দলের ছায়া বাজেটকে কটাক্ষ করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার চানাচুরের পুষ্টিগুণ নিয়ে বক্তব্য দিয়েছেন। রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।‘উজিরে খামখা’ প্রসঙ্গ
বক্তব্যের শুরুতে বিরোধী দলের ছায়া বাজেটের সমালোচনা করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, “উজিরে খামখা একজন ছিলেন। তার সঙ্গে টকশো করতে গিয়ে শুনলাম, তারা ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছায়া বাজেট করেছেন। তারা বলছিলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে বাস্তবিক বাজেট মাত্র ৫ লাখ কোটি টাকা। আমি প্রশ্ন করলাম, যদি ৫ লাখ কোটি টাকাই বাস্তবিক বাজেট হয়ে থাকে, তাহলে আপনি ৮ লাখ ৮২ হাজার কোটি টাকার ছায়া বাজেট কেন করলেন? ৫ লাখ কোটি টাকার বাজেট করলেই তো পারতেন। ছায়া বাজেট কীভাবে প্রণয়ন করা হয়েছে, সেটার ব্যাখ্যাও তারা দিতে পারেননি।”চানাচুরের পুষ্টিগুণ প্রসঙ্গ
বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, “বাজেটে চানাচুরের পুষ্টিগুণ জানার জন্য যদি একটি কমিটি করার বরাদ্দ রাখা হতো, তাহলে ভালো হতো। আমি দেখলাম, সাধারণভাবে খোঁজ করলেই চানাচুরের কিছু পুষ্টিগুণ পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম চানাচুরে প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলোক্যালরি ক্যালরি, ৩৫ গ্রাম ফ্যাট, ১০ গ্রাম প্রোটিন, ৫ গ্রাম ফাইবার এবং প্রায় ৮০০ মিলিগ্রাম সোডিয়াম রয়েছে।” তিনি বলেন, “মাননীয় স্পিকার, কেন বলছি জানেন? এই বাজেটকে অনেকে চানাচুরের সঙ্গে তুলনা করছেন—খেতে ভালো লাগে, কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। বাস্তবে বিষয়টি তা নয়। তাদের বক্তব্য অনুযায়ী আমি যেন গোবিন্দগঞ্জের রাজনীতি কঠিন করে দিচ্ছি।”স্বেচ্ছাশ্রমে খাল খননের ঘোষণা
বক্তব্যে মোহাম্মদ শামীম কায়সার আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে যাওয়ার কথা বলেছিলেন এবং বাস্তবেও তা করে গেছেন। তরুণদের নিয়ে খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তিনি কাজ করেছেন। সেই অনুপ্রেরণা থেকেই আমরাও কাজ করছি।” তিনি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি স্বেচ্ছাশ্রমভিত্তিক বাজেট বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে দুটি খাল খনন প্রকল্প সফলভাবে চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হওয়ার পর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণকে নিয়ে কোনো সরকারি বরাদ্দ ছাড়াই প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হবে। তিনি বলেন, “উই দ্য পিপল অব গোবিন্দগঞ্জ উইল ডেফিনিটলি মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। আমরা একটি স্বেচ্ছাসেবী বাজেট বাস্তবায়ন করব এবং ভবিষ্যতে আবারও এ বিষয়ে কথা বলব।”জুলাই আন্দোলনের চেতনা নিয়ে মন্তব্য
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “বিদায় বেলায় শুধু এতটুকুই বলতে চাই, আমরা যেভাবে সম্প্রীতির মধ্য দিয়ে এই সংসদ শুরু করেছি, সেদিকে সবাই তাকিয়ে আছে। জুলাই অবশ্যই আমাদের চেতনা, তবে জুলাইকে আমরা বিক্রি হতে দেব না, ইনশাআল্লাহ।” উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে জাতীয় সংসদ থেকে বেরিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বাজেট অনেকটা চানাচুরের মতো—খেতে ভালো লাগবে, দেখতে সুন্দর, কিন্তু এর কোনো পুষ্টিগুণ নেই।”জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 























