জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৬ মে ২০২৬ ইং | সময়: ১:৩০ মিনিটআরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: যুবদলের দুই নেতা বহিষ্কার
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজশাহী মহানগর যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাতেই মহানগর যুবদলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু এবং ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। এর আগে একই দিন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তবে সিসিটিভি ফুটেজে তাদের সম্পৃক্ততা স্পষ্ট হওয়ায় ব্যাখ্যার অপেক্ষা না করেই তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম। মহানগর যুবদলের সদস্য (দফতরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, আরডিএ কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বহিষ্কৃতদের ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে। পুলিশের উপস্থিতিতেই আরডিএ ভবন থেকে দরপত্র বাক্স ছিনিয়ে নেওয়া হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে কয়েকজন যুবকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে এবং দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ ভবনে প্রবেশ করে বাক্সটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে শাহ মখদুম থানার কয়েকটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দরপত্র বাক্সটি পুলিশের পাহারায় ছিল। হঠাৎ কিছু উচ্ছৃঙ্খল যুবক এসে জোরপূর্বক বাক্সটি নিয়ে যায় এবং দুই মিনিটের মধ্যে ভবনের চারতলায় রেখে চলে যায়। এ বিষয়ে আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান বলেন, চেয়ারম্যান রাজশাহীতে ফিরে এলে তার সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি টেন্ডার মূল্যায়ন কমিটিও এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আরডিএ সূত্র জানায়, গত ২০ এপ্রিল পরিত্যক্ত ও ব্যবহার অনুপযোগী কিছু মালামাল নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। নিলামে প্রায় ৪০০টি শিডিউল বিক্রি হয়েছিল এবং সংশ্লিষ্টদের ধারণা, এসব মালামালের মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এদিকে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

Reporter Name 




















