যানজটে আটকে ঈদ উপহার বিতরণে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ এমপি নূরুল ইসলাম বুলবুলের
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৭ মে ২০২৬ ইং | সময়: ০৩:২৪ মিনিট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকা পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে নির্ধারিত সময়ে নিজ এলাকায় পৌঁছাতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। বুধবার (২৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গরিব, অসহায় ও দুস্থ মানুষের ঈদ সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বরাদ্দকৃত ১০ লাখ টাকার ঈদ উপহার সাধারণ মানুষের মাঝে বিতরণ এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মামুনের পরিবার ও চরবাগডাঙ্গায় বজ্রপাতে নিহত মনোয়ারার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার রাত ১১টা ৩৮ মিনিটে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। তবে তীব্র যানজটের কারণে বুধবার বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্তও তারা টাঙ্গাইলের যানজটেই আটকে ছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। নূরুল ইসলাম বুলবুল আরও জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এক হাজার মানুষের মাঝে জনপ্রতি এক হাজার টাকা করে ঈদ উপহার সকাল ১০টা এবং ১১টায় দুইটি পৃথক স্থানে তার সরাসরি উপস্থিতিতে বিতরণ করার কথা ছিল। কিন্তু যানজটের কারণে সেখানে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। এ জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, একদিকে যোগাযোগমন্ত্রীর পক্ষ থেকে ঈদযাত্রায় জনগণের স্বস্তির কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ যানজট মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা তিনি নিজেও সরাসরি অনুভব করছেন। তিনি আরও দাবি করেন, প্রায় ১২ ঘণ্টা যাত্রা করেও ঢাকা থেকে কেবল টাঙ্গাইল পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। এই দীর্ঘ পথে কোথাও ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি চোখে পড়েনি বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ডেস্ক রিপোর্ট 




















