জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৪ মে ২০২৬ | সময় বিকাল : ৪:৪৬ মিনিটঈদযাত্রায় সাভারের দুই মহাসড়কে ভোগান্তির আশঙ্কা, বাড়ছে যানজটের শঙ্কা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এবারও ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঘরমুখো মানুষের দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজ এবং বিভিন্ন ইউটার্নে অনিয়ন্ত্রিত যান চলাচলকে এই ভোগান্তির প্রধান কারণ হিসেবে দেখছেন পরিবহনসংশ্লিষ্টরা ও যাত্রীরা। রোববার (২৪ মে) ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হেমায়েতপুর, বলিয়ারপুর, পাকিজা, থানা স্ট্যান্ড, সাভার বাজার, নবীনগর, বাইপাইল, পল্লী বিদ্যুৎ ও বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা অবাধে চলাচল করছে। এছাড়া সাভার, নবীনগর, রেডিও কলোনি ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অনেক বাসকে মূল সড়কের চলাচলের লেনে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাতে দেখা গেছে। এতে পেছনের যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। নির্ধারিত বাসস্ট্যান্ডের বাইরে বিভিন্ন স্থানেও এলোমেলোভাবে বাস থামানো হচ্ছে। দুপুরে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সেনা শপিং কমপ্লেক্সের সামনে মূল সড়ক থেকে সার্ভিস লেনে ওঠার মুখে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। একই চিত্র দেখা গেছে সাভার বাসস্ট্যান্ড এলাকাতেও। পাকিজা এলাকায় কাছাকাছি ইউটার্ন ব্যবহার করে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো এক পাশ থেকে অন্য পাশে চলাচল করায় কিছু সময়ের জন্য মহাসড়কের উভয়মুখী যানবাহন আটকে থাকতে দেখা যায়। আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডেও একই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে, বাইপাইল এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান নির্মাণকাজের কারণে সড়কের কিছু অংশে পিচ উঠে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ইট ফেলে সাময়িক সংস্কার করা হয়েছে। ঢাকা থেকে রংপুরগামী আসাদ পরিবহনের চালক শামীম বলেন, “এখন সড়কে তেমন সমস্যা নেই। তবে ঈদের আগে চাপ বাড়লে ভোগান্তি হবে। পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালন করলে সমস্যা কিছুটা কমবে।” সাভারের পাকিজা এলাকার বাসিন্দা নাজমুল আলম বলেন, “রেডিও কলোনি, পাকিজা, হেমায়েতপুর ও বাইপাইলে প্রায়ই যানজট হয়। বাসচালক ও অটোরিকশাচালকদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।” ঢাকা জেলা (উত্তর) ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) রুহুল আমিন সোহেল জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রোববার সকাল ৮টা থেকে নিয়মিত ট্রাফিক পুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত ৬৫০ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করবেন।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

সাভার প্রতিনিধি 




















