জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৮ আগস্ট ২০২৬ ইং,সময় ঃ বিকাল ০৪:২৪ মিনিট।বড়লেখা সীমান্তে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, ভারতীয় নাগরিক আটক
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় একটি চোরাকারবারি দল মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে। বিজিবি অধিনায়ক জানান, অভিযানকালে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন। গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারি দলের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ৫২ বিজিবির অধিনায়ক। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে.....

স্টাফ রিপোর্টার 





















