অর্থনীতি পুনরুদ্ধারে ঐক্য ও স্থিতিশীলতার আহ্বান মির্জা ফখরুলের
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৮ জুলাই ২০২৬ ইং,রাত ১২:৩৬ মিনিট। বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ সম্পদ পাচারের কারণে দেশের অর্থনীতি বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করে এগিয়ে নেওয়া সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। তাই তৈরি পোশাক শিল্পের বিকাশে ব্যাংক ঋণের সুদের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি দেশের রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ভঙ্গুর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জুলাইয়ের ঐক্যকে সমুন্নত রাখা অত্যন্ত জরুরি। তার ভাষায়, “বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো ঐক্য ও স্থিতিশীলতা। যে দেশে বিপুল পরিমাণ সম্পদ লুট হয়েছে এবং যেখানে বেকারের সংখ্যা অনেক বেশি, সেই দেশে উন্নয়ন ও অগ্রগতির জন্য সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সেই ঐক্য গড়ে তুলতে হবে।” এ সময় তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 





















