জেটিভি নিউজ বাংলা
তারিখ : বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ইং, সময় বিকাল ০৫:৩৬ মিনিট।বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা, নতুন দাম ২০৪ টাকা
ঢাকা : বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্তের ফলে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ২০৪ টাকা। এতদিন এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এই মূল্য নির্ধারণের অনুমোদন দেওয়া হয়। এর আগে ভোজ্যতেল ব্যবসায়ীরা প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা সমন্বয়ের অনুমতি দেওয়া হয়। দাম বাড়ানোর সিদ্ধান্তের পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও বেশি হারে দাম বাড়ানোর দাবি জানানো হয়েছিল। তবে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মূল্য সমন্বয় করে প্রতি লিটারে ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য সচিব আরও বলেন, বর্তমানে বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই। বাজার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। রমজানের আগে ভোজ্যতেলের দাম আবার বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, সে সিদ্ধান্ত তখনকার বাজার পরিস্থিতির ওপর নির্ভর করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৯ টাকা। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 











