জেটিভি নিউজ বাংলা
তারিখ :১৭ জুলাই ২০২৬ ইং,সময় রাত ০৮:১৬ মিনিট।খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, নতুন হার নির্ধারণ করল সরকার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা মাসিক ২৫ হাজার টাকা করে মূল সম্মানী ভাতা পাবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ১৫ জুলাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পঙ্গুত্বের মাত্রা অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’—এই চারটি শ্রেণিতে ভাতা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা মূল ভাতা পাবেন। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা যুক্ত হয়ে তাদের মাসিক নিয়মিত আর্থিক সুবিধা হবে ৩৭ হাজার টাকা। এ ছাড়া জীবিত ‘এ’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য অতিরিক্ত ৮ হাজার টাকা সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে। ফলে তারা জীবিত থাকা অবস্থায় প্রতি মাসে মোট ৪৫ হাজার টাকা পাবেন। তবে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার মৃত্যুর পর উত্তরাধিকারীরা এই অতিরিক্ত ৮ হাজার টাকার সহায়ক ভাতা পাবেন না। ৬১ থেকে ৯৫ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘বি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মাসিক ২৮ হাজার টাকা মূল ভাতা পাবেন। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তাদের মোট মাসিক সুবিধা হবে ৩৫ হাজার টাকা। ২০ থেকে ৬০ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘সি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ২৩ হাজার টাকা মূল ভাতা নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ও খাদ্য ভাতাসহ তারা প্রতি মাসে মোট ৩০ হাজার টাকা পাবেন। অন্যদিকে, ১ থেকে ১৯ শতাংশ পঙ্গুত্বসম্পন্ন ‘ডি’ শ্রেণির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা মূল ভাতা দেওয়া হবে। এর সঙ্গে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা যোগ হয়ে তাদের মোট মাসিক ভাতা হবে ২৭ হাজার টাকা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে এবং প্রতিটি উৎসব ভাতার পরিমাণ হবে তাদের নিজ নিজ মূল ভাতার সমপরিমাণ। পাশাপাশি জীবিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা মহান বিজয় দিবসে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষে ২ হাজার টাকা বিশেষ ভাতা পাবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নতুন হার অনুযায়ী সম্মানী ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানী ভাতা ৫ হাজার টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবের ধারাবাহিকতায় নতুন ভাতার হার কার্যকর করা হলো। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

স্টাফ রিপোর্টার 





















