জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৩ জুলাই ২০২৬ ইং,সময়: দুপুর ০৩:৩৩ মিনিট।আগামী নির্বাচনের জন্য নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ালো ইসি
আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার হওয়ার সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি বলেন, কর্মকর্তারা নির্বাচন কমিশনের কাছে একটি কর্মপরিকল্পনা (চার্ট) জমা দিয়েছেন, যেখানে কোন কাজ কখন সম্পন্ন করতে হবে এবং ভোটার তালিকার কাজ কতদূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা আইনেও পরিবর্তন আনা হয়েছে। যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে শিগগিরই কিছু বিষয় প্রকাশ করা হতে পারে। নতুন সময়সীমার মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আব্দুর রহমানেল মাছউদ বলেন, "আগে সময়সীমা ৩০ জুন ছিল। পরে কর্মকর্তারা সময় কিছুটা বাড়ানোর প্রস্তাব দেন। এরপর আমরা সেটি ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। আমাদের আলোচনাতেও আমরা বলেছিলাম, ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধন নেওয়া সম্ভব।" তিনি আরও বলেন, "যদি অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই সময়সীমা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যারা ভোটার তালিকার কাজ করছেন, তারা জানিয়েছেন—এটি বাস্তবায়ন করা সম্ভব। আমরা বিষয়টি নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছি।" এদিকে, নির্বাচন উপলক্ষে কতগুলো নতুন ভোটকেন্দ্র প্রয়োজন হবে, সে বিষয়েও একটি তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 











