জেটিভি নিউজ বাংলা
তারিখ: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ইং,সময়: দুপুর ০২:৩৬ মিনিট।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংরক্ষিত নারী এমপি আশিকা সুলতানা কারাগারে
মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রোববার তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। দুই দফায় মোট ৬ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই আল মামুন হোসেন। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, রিমান্ডে নিয়ে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি এই মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সংশ্লিষ্টতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি, প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ কারণে জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, আসামির পক্ষে আদালতে কোনো আবেদন করা হয়নি। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুন মিরপুর-১ নম্বরে অ্যাপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 











