জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২৭ জুন ২০২৬ ইং,সময়: শনিবার রাত ১১:০৪ মিনিট।‘বিধ্বস্ত অর্থনীতির ওপর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার দুঃসাহসী বাজেট’: সংসদে আলতাফ হোসেন চৌধুরী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দল বিএনপির সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, অর্থমন্ত্রী দেশের বিধ্বস্ত অর্থনীতির ওপর ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার একটি দুঃসাহসী ও গগণস্পর্শী বাজেট উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতার প্রশংসা করেন। বিশেষ করে চীন সফরকে তিনি ‘হাই ভোল্টেজ ভিজিট’ হিসেবে উল্লেখ করে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ ও গৌরবজনক। তিনি প্রধানমন্ত্রীকে দেশবাসী ও সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ‘হিরো’স ওয়েলকাম’ জানানোর কথাও বলেন। তিনি আরও বলেন, বর্তমান সংসদ এমন একটি সংসদ যেখানে বিগত সরকারের সময় প্রায় সবাই কোনো না কোনোভাবে নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তার, কারাবাস, গুম কিংবা আয়নাঘরের মতো ঘটনার শিকার হয়েছেন। তাই বাংলাদেশের জনগণের কাছে এই সংসদের সদস্যরা সবাই ‘হিরো’। সরকারের চার মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ, ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান, ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত, পাদ্রী ও ভান্তেদের ভাতা, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কৃষিঋণ মওকুফ, শাড়ি ও টিউবওয়েলসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের সময় সম্পূর্ণ বিধ্বস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সময়োপযোগী, যুগান্তকারী ও দুঃসাহসী বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও এমন একটি বাজেট উপস্থাপন করায় অর্থমন্ত্রী প্রশংসার দাবিদার। বক্তব্যের শেষদিকে তিনি অর্থমন্ত্রীকে স্যালুট জানান।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 





















