জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২২ জুন ২০২৬ ইং, সোমবারম সময়: বিকাল ০৪:১১ মিনিট। প্রতিকৃতি ছবিজুলাই আন্দোলনের ঘটনায় সাবিনা আক্তার তুহিন ও রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ
জুলাই আন্দোলনের সময় মিরপুর থানায় দায়ের হওয়া মিলন পান্নাকে হত্যাচেষ্টা মামলায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। একইসঙ্গে কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) সকালে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান সোহেল সৌরভের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। অন্যদিকে, রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তাদের গ্রেফতারের পক্ষে শুনানি করেন। অপরদিকে, উভয় আসামির গ্রেফতারের বিরোধিতা করে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মিরপুর-১৪ নম্বরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী ও ভুক্তভোগী মিলন পান্না গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্যদিকে, রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে উভয় আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন জানান সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 






















