জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৭ জুন ২০২৬, বুধবার ইং,সময়: রাত ০৯৪৪ মিনিট।
রাজধানীতে সড়ক ও ফুটপাত দখলমুক্তে ডিএসসির মোবাইল কোর্ট অভিযান
রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১৭ জুন) ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধোলাইপাড় খালপাড় রোডে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের ফলে খালপাড় সংলগ্ন সড়কটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
পরে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা উপকরণ অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচলের উপযোগী করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে....