জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৭ জুন ২০২৬ ইং সময়: সকাল ১১:১৮ মিনিট।শ্রীমঙ্গলে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক আটক
মৌলভীবাজারে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চলছে ব্যাপক প্রস্তুতি। শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানমঞ্চ। এদিকে, অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক সোহেল রানা শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। ঘটনার সময় তার গায়ে তারেক রহমানের ছবি সংবলিত একটি টি-শার্ট ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলের পাশে দাঁড়িয়ে হঠাৎ করেই উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন সোহেল রানা। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মিনি স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিলেন। পরে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি তাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন। বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

মৌলভীবাজার প্রতিনিধি 
























