জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৬ জুন ২০২৬, মঙ্গলবার ইং,সময়: সকাল ০৬:২১ মিনিট।দুদক গঠনে সব পক্ষের সহযোগিতা মেলেনি, দুর্নীতির দায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের ওপরই পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনে সার্চ কমিটি তৈরির ক্ষেত্রে সরকার সব পক্ষের প্রত্যাশিত সহযোগিতা পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেন, দুর্নীতি সব জায়গাতেই ঘটে, তবে শেষ পর্যন্ত এর দায় রাজনীতিবিদদের ওপরই বর্তায়। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত মঞ্জুরির দাবির ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর ১৪ ও ১৫ জুন দফায় দফায় সম্পূরক বাজেট নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধী দল ও বিভিন্ন সংসদ সদস্য। তাদের অভিযোগ, অর্থ অপচয়ের উদ্দেশ্যেই সম্পূরক বাজেটে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। সোমবারও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় একই ধরনের অভিযোগ উঠে আসে। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী দুদকের অতিরিক্ত মঞ্জুরির দাবি উত্থাপন করেন। ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি বলেন, একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগের আইনেও সার্চ কমিটির বিধান ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত অধ্যাদেশ কার্যকর করা না গেলেও আগের আইন পুনরুজ্জীবিত করা হয়েছে। সেই আইনি কাঠামোর মধ্যেই সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার আন্তরিকভাবে বিভিন্ন পক্ষকে চিঠি দিয়েছে এবং সার্চ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। তবে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি। তিনি জানান, প্রধান বিচারপতি দীর্ঘ সময় পর রোববার তার প্রতিনিধি মনোনয়ন দিয়েছেন। ফলে এখন সার্চ কমিটি গঠন এবং পরবর্তী সময়ে দুদক পুনর্গঠনের পথ সুগম হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি একটি মধ্যবর্তী ব্যবস্থা। নতুন দুদক আইন সংসদে পাস হলে আরও শক্তিশালী কমিশন গঠন করা হবে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি বলেন, দুর্নীতি সব ক্ষেত্রেই হয়, কিন্তু অধিকাংশ ফাইলের চূড়ান্ত অনুমোদনে একজন রাজনৈতিক ব্যক্তির স্বাক্ষর থাকায় দায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের ওপরই এসে পড়ে। তিনি বলেন, শক্তিশালী দুদক গঠন করা গেলে দুর্নীতির বিভিন্ন বিষয় আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে।ধর্ষণ নিয়ে মন্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বা ভিন্ন কোনো সংজ্ঞা হতে পারে না। সব ধরনের ধর্ষণই সমান অপরাধ এবং এর বিচারে কোনো ধরনের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সংসদে কিছু সদস্যের বক্তব্য শুনে তিনি বিস্মিত হয়েছেন। তাদের অবস্থান ধর্ষণের পক্ষে নাকি বিপক্ষে, সেটি স্পষ্ট নয়।পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ
দেশ থেকে পাচার হওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি শ্বেতপত্রের তথ্য উদ্ধৃত করে বলেন, ব্যাংক খাতে লুটপাট এবং রাজনৈতিক বিবেচনায় বিতরণ করা ঋণের অর্থ দিয়ে একাধিক পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।রুমিন ফারহানার বক্তব্য
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গুগল সার্চের তথ্য অনুযায়ী দুর্নীতিতে সবচেয়ে বেশি জড়িত হিসেবে রাজনীতিবিদদের নাম উঠে আসে, এরপর রয়েছেন আমলারা। তিনি বলেন, রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করা হলে বিষয়টি বিস্ময়কর মনে হয়। রুমিন ফারহানা আরও বলেন, ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ টানা দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ ছিল। তিনি অতীত ও বর্তমান সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক অনিয়মের প্রসঙ্গ তুলে দুদককে আরও শক্তিশালী করার দাবি জানান। এদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, দুদকের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি। নিয়োগ ও তদন্ত প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন।স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রুমিন ফারহানা। তবে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।সম্পূরক বাজেট অনুমোদন
২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি নিট ব্যয় ধরা হয়েছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, সংশোধিত বাজেটে বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৩ শতাংশ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ বেড়েছে ৫৬ হাজার ১১৭ কোটি টাকা। অন্যদিকে, ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগে বরাদ্দ কমেছে ৫৯ হাজার ৩৪৮ কোটি টাকা। সংসদের অনুমোদনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে বাজেটের অতিরিক্ত ব্যয় করার অনুমতি দেওয়া হয়েছে।জেটিভি নিউজ বাংলা
দেশ ও দশের কথা বলে.....

ডেস্ক রিপোর্ট 






















