জেটিভি নিউজ বাংলা
তারিখ: ০৭ জুন ২০২৬ ইং সময়: সকাল ০৮:৫৭ মিনিট। ছবি সংগৃহীতহরমুজ প্রণালিতে দুই ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার তাদের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনী দুটি ইরানি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ গুলি করে ভূপাতিত করেছে। সেন্টকমের দাবি, ড্রোন দুটি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক সামুদ্রিক চলাচলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছিল। বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং ইরানের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। এর আগে শুক্রবার গভীর রাতে সেন্টকম এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা চারটি ইরানি ড্রোনও তারা ভূপাতিত করেছে। একই সঙ্গে ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কথাও উল্লেখ করে মার্কিন সামরিক বাহিনী। এদিকে, এসব ঘটনার ধারাবাহিকতায় শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে সেন্টকম। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে। সূত্র: এএফপিজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

জেটিভি নিউজ আন্তর্জাতিক বাংলা 




















