রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামির অতীতও অপরাধে জড়িত, দ্রুত চার্জশিটের আশ্বাস ডিবির
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২২ মে ২০২৬ ইং| সময়: শুক্রবার,বিকাল ৫:২২ মিনিট। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানার অতীত কর্মকাণ্ডও ভালো ছিল না বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যেই আদালতে জমা দেওয়া হবে। প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং তার অতীত রেকর্ড সন্তোষজনক নয়। এর আগে বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার করেছে এবং আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন মামলার চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, চার্জশিট দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য আদালতের অনুমতি নিয়ে সিআইডি ল্যাবে পরীক্ষার কার্যক্রম চলছে। ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে এবং সেটি রবিবার দুপুরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সালাহউদ্দিন আহমদ জানান, ডিএনএ পরীক্ষা শেষ হলে সেদিনই আদালতে চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিচার কার্যক্রম যেন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। উল্লেখ্য, গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আদালতে হাজির করার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেজেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ডেস্ক রিপোর্ট 




















