রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ অনুষ্ঠান
জেটিভি নিউজ বাংলা
তারিখ: বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ইং,সময় : ০৫:২৮ মিনিট
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান। ইতিহাস ও ঐতিহ্যের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পাওয়ান বঢ়ে। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। স্বাগত বক্তব্য দেন ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক। ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্যাঞ্চলের শিল্পীদের পরিবেশনায় ‘নৃত্যগীতি’ পর্ব দর্শকদের মুগ্ধ করে। খ্যাতিমান নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া রাজধানী ঢাকাসহ আশপাশের ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতি প্রদর্শিত হয়। পরে অংশগ্রহণকারী ক্ষুদে শিল্পীদের হাতে সনদ তুলে দেন জুরি বোর্ডের প্রধান শিল্পী মো. মনিরুজ্জামান, বীকন ফার্মাসিউটিক্যালসের ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব এবং ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহ-সভাপতি রবিউল ইসলাম মিল্টন। অনুষ্ঠানে শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান ভারতীয় হাই কমিশন ঢাকার প্রথম সচিব (রাজনীতি ও গণমাধ্যম) গোকুল ভি. কে। আয়োজনে সহযোগিতা করে সাংস্কৃতিক বিদ্যাপীঠ তপোবন, নৃত্যাঞ্চল ও বহুমাত্রিক.কম।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ডেস্ক রিপোর্ট 




















