মৌসুমে ৫৫ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে, মৃত্যু ১৪
জেটিভি নিউজ বাংলা
jtvnewsbangla
তারিখ: ১৪ মে ২০২৬, বৃহস্পতিবা,সময় :১০:৪৮ মিনিট। চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বুধবার (১৩ মে) পর্যন্ত ১৪২টি ফ্লাইটে মোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, সৌদি সময় বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজ ফ্লাইট পরিচালনায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৯টি, সৌদি এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৭ হাজার ৪২৮ জন, সৌদি এয়ারলাইন্স ১৯ হাজার ১১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী। এদিকে সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম নাসরীন জাহান (৩৭)। তিনি গাজীপুর সদরের বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন। এ ছাড়া সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ২৭ হাজার ১১৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক ১৬ হাজার ২টি সেবা প্রদান করেছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ডেস্ক রিপোর্ট 




















