জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৩ মে ২০২৬ ইং,সময় : রাত ১০:১৭ মিনিট।গাজীপুরে সড়ক ধসের ঘটনায় বরখাস্ত দুই প্রকৌশলী পুনর্বহাল
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া দুই প্রকৌশলীকে পুনরায় কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দেড় মাস আগে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পুনর্বহাল হওয়া কর্মকর্তারা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম হারুনুর রশীদ এবং নির্বাহী প্রকৌশলী (সিভিল) এস এম শামছুর রহমান মাহমুদ। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের তীরে নির্মাণাধীন সড়কটি উদ্বোধনের আগেই ধসে পড়ে। সড়কের একটি অংশ প্রায় ১৫ ফুট নিচে দেবে গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ২৩ মার্চ ঘটনাস্থল পরিদর্শনে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিনি প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ ও নির্বাহী প্রকৌশলী শামসুর রহমানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একই সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত সংক্রান্ত চিঠি হস্তান্তর করা হয়। এছাড়া সাত সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তখন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, তদন্তে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগজনিত প্রভাবের তথ্য পাওয়া গেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে ঘটনার প্রায় দেড় মাস পর ১১ মে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। অফিস আদেশে বলা হয়, ‘গাজীপুর সিটি করপোরেশন ০১-০৫ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্পে অবহেলা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ উঠলেও তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। এ কারণে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই আদেশে ভবিষ্যতে দায়িত্বশীল পদে থেকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে তাদের পুনরায় কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়ন কাজের তদারকিতে অবহেলার বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ডেস্ক রিপোর্ট 




















