জেটিভি নিউজ বাংলা
তারিখ: ৯ মার্চ ২০২৬ | সময়:১০:৪৬ মিনিট।যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে: তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার, এশিয়ার শেয়ারবাজারে বড় ধস
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেছে এবং একই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির তেল ডিপোসহ একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার খবর পাওয়া গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৪ দশমিক ৭৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম ২৬ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ১১৪ দশমিক ৭৮ ডলারে। তেলের দাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও বড় ধস নেমেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৭ শতাংশের বেশি কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে ৩ শতাংশের বেশি এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচকও ৪ শতাংশের বেশি নেমে গেছে। সবচেয়ে বেশি ধস নেমেছে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে। এই সূচক ৮ শতাংশের বেশি পড়ে যাওয়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত বিক্রি ঠেকাতে ২০ মিনিটের জন্য লেনদেন বন্ধ রাখা হয়। এই ব্যবস্থাকে বলা হয় ‘সার্কিট ব্রেকার’। এর আগে গত বুধবারও কোসপি সূচক ১২ শতাংশ পড়ে গেলে একই ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। তবে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত দ্রুত বন্ধ না হয়, তাহলে বিশ্ব অর্থনীতি আরও বড় ধাক্কার মুখে পড়তে পারে।জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

Reporter Name 






















