জেটিভি নিউজ বাংলা
তারিখ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সময়: ৬:২৮ পিএম।
বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে
বাংলাদেশে পবিত্র রমজান মাসের রোজা কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে— সে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বুধবার। এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সভায়।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
হিসাব অনুযায়ী, বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বুধবার রাতে তারাবির নামাজ আদায় করে শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আর যদি বুধবার চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে শুক্রবার থেকে রমজান মাস শুরু হবে। তখন বৃহস্পতিবার রাতে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে শুরু হবে রোজা।
চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার সূচনা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....