ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬
যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ?
২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের
কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা
বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা
পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা
বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৩ ডিসেম্বর
-
Reporter Name - আপডেট সময় ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ১১০ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
ফাইল ছবি
টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা
অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ২৩ ডিসেম্বর
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই সেল)-এ গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ পিছিয়ে আগামী মঙ্গলবার, ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২১ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেফতার ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। হাজির হওয়া কর্মকর্তারা হলেন— র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
শুনানিকালে তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান ও মো. মশিউর রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী আদেশের জন্য সময় চেয়ে আবেদন করেন। তবে আসামিপক্ষের এই আবেদনের তীব্র বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, বিচারকাজ বিলম্ব করতেই আসামিপক্ষ এমন আবেদন করছে। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল দুই দিন পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর আদেশের দিন নির্ধারণ করেন।
এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৭ জন। পলাতক আসামিরা হলেন— শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।
এর আগে গত ১৪ ডিসেম্বর গ্রেফতার আসামিদের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নিয়ে পৃথক পৃথক যুক্তিতে তাদের অব্যাহতির আবেদন করেন। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম টিএফআই সেলে গুম ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের কেউ কেউ ভাগ্যক্রমে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও অনেককে দীর্ঘ সাত থেকে আট বছর অজ্ঞাত স্থানে আটকে রাখার পর ফেলে দেওয়া হতো।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নিয়ে ট্রাইব্যুনাল ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















