জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
হাতিরঝিলে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন— মুক্তা আক্তার (২৭) এবং মো. সুলতান (২২)। মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম রামপুরা, হাতিরঝিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তদন্তে উঠে এসেছে, মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় দুইটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল বলে ধারণা করছে সিটিটিসি। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Reporter Name 




















