জেটিভি নিউজ বাংলা, ডেস্ক
**সশস্ত্র বাহিনী দিবস: সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও জামায়াত আমিরের সৌজন্য বিনিময়
খালেদা জিয়ার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা**
ঢাকা, শুক্রবার।।
রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে এ কুশল বিনিময় হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সেনাকুঞ্জে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। জবাবে খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।
মেডিকেল বোর্ডের পরামর্শে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সেনাকুঞ্জে আসেন বেগম জিয়া। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।