রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ পাঠ করাবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল
জেটিভি নিউজ বাংলা
তারিখ: ২০ আগস্ট ২০২৬ ইং,সময় ঃ দুপুর ১২:৫০ মিনিট। ঢাকা: গত ২৪ জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। আর ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তারই ধারাবাহিকতায় আজ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনের পর নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথ বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে যেহেতু স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে? নিয়ম অনুযায়ী, স্পিকারের দায়িত্বে যিনি থাকেন, তিনিই রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। বিষয়টি স্পষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় মতামতে বলেছে, “বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।” মতামতে আরও বলা হয়, “বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের ৭৪(৩) অনুযায়ী ডেপুটি স্পীকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি (ডেপুটি স্পিকার) সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।” আইন মন্ত্রণালয়ের এই মতামতের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 





















