কাতার বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তায় সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দিয়েছে
জেটিভি নিউজ বাংলা তারিখ ঃ ১৯ আগস্ট ২০২৬ ইং | বুধবার,সময় রাত ঃ ০৯:৪৫ মিনিট। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কাতার। বুধবার (১৯ আগস্ট) দোহায় নিজ কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে ড. খলিলুর রহমান কাতারের নেতাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। তিনি কাতারের সঙ্গে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, কাতারের এ ভূমিকা বৃহত্তর অঞ্চল এবং এর বাইরেও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তার দায়িত্ব সফলভাবে পালনে কাতারের সমর্থন ও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়। কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন। বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরপর পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেটিভি নিউজ বাংলাদেশ ও দশের কথা বলে....

ডেস্ক রিপোর্ট 





















